স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুন : সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স দেশের মধ্যে একটা শৃঙ্খলা বাহিনী হিসেবে পরিচিত। এই বাহিনীর মুখে সোমবার আগরতলা শহরে অপমানিত হয়েছে মাতৃ শক্তি। এই কলঙ্কের প্রতিবাদের বিরুদ্ধে সরব হয়েছে প্রদেশ যুব কংগ্রেস। মঙ্গলবার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এহেন আচরণের বিরুদ্ধে শালবাগান স্থিত সিআরপিএফের ক্যাম্পে গেলেন প্রদেশ কংগ্রেসের একটা প্রতিনিধি দল। প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, সি ডব্লিউ সি-র মেম্বার তথা বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। তারা ডিআইজির সঙ্গে সাক্ষাৎ করে অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট রামকুমারের বিরুদ্ধে ভিডিও ক্লিপিং সহ লিখিত অভিযোগ জানান।
সোমবার আগরতলা শহরে পাঁচ দফা দাবির ভিত্তিতে এবং নিট পরীক্ষায় দুর্নীতির কার্যকলাপের জন্য দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণভাবে প্রদেশ যুব কংগ্রেসের মিছিল চলাকালীন সময় অতর্কিত হামলা চালায় সিআরপিএফের জওয়ানরা। কোন পুলিশ আধিকারিকের নির্দেশ ছাড়া এই অতর্কিত হামলা চালিয়েছে। এবং আশ্চর্যজনক বিষয় হলো এই রাজ্যে মাতৃ শক্তিকে পূজা করা হয়, সেই জায়গায় মাতৃ শক্তি নিয়ে কুরুচিকর ভাষা প্রয়োগ করেছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট। কংগ্রেস লাঠিচার্জ এবং রক্ত ঝরলেও সহ্য করতে পারে। কিন্তু মাতৃ শক্তি নিয়ে কোন রকম কুরুচিকর মন্তব্য করলে সেটা সহ্য করতে পারে না
। অবিলম্বে অভিযুক্ত সিআরপিএফের অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। নাহলে পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবে কংগ্রেস। ডেপুটেশনের পর এমনটাই জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আরো বলেন বিজেপির অন্ধ ভক্তদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে। কোনরকম অনুমতি ছাড়া সিআরপিএফ যে ঘটনাটি সোমবার সংঘটিত করেছে সেটা অত্যন্ত নিন্দা জনক। পাশাপাশি তিনি দাবি করেন ষড়যন্ত্র করে আতঙ্ক তৈরি করতে এই ধরনের অতর্কিত হামলা করেছে সিআরপিএফ। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জালিয়েছেন বিজেপি সমর্থক হিসেবে ভূমিকা দেখিয়েছেন সিআরপিএফের এই কর্মীরা। এর নিন্দা জানায় কংগ্রেস।

