স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ জুন: কলকাতার এইচ.সি.জি ক্যান্সার হাসপাতাল আগরতলায় একটি মাসিক বিশেষজ্ঞ অ্যানকোলজি ও.পি.ডি পরিষেবা চালু করেছে। প্রতিমাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে এই পরিষেবা রাজ্যবাসীকে প্রদান করার জন্য উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরলেন হাসপাতাল কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বিভাগের চিকিৎসক ডা. অরিজিৎ বিষ্ণু। তিনি বলেন ক্যান্সার চিকিৎসার জন্য সময় মতো নির্ণয়, সঠিক স্টেজিং এবং বহু বিভাগীয় চিকিৎসা পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ওপিডি-র মাধ্যমে এসসিজি কলকাতার বিশেষজ্ঞরা নিয়মিত আগরতলায় আসবেন। রাজ্যের চিকিৎসকদের সাথে রোগীদের পরিষেবা প্রদান করা হবে। কারণ প্রতিবছর ত্রিপুরায় চার হাজার নতুন ক্যান্সার রোগী সনাক্ত করা হয়। উন্নত পরিষেবার জন্য রোগীরা অন্যত্র যায়। তাই রাজ্যে যাতে রোগীরা পরিষেবা পেতে পারে তার জন্য এসসিজি কলকাতা পক্ষ থেকে পরিষেবা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে আগরতলায়। আগরতলা ধলেশ্বর ১৬ নং রোড স্থিত গ্লোবাল হেলথ ক্লিনিক এন্ড ডায়ানোষ্টিক সেন্টারে এই পরিষেবা প্রদান করা হবে।
এদিকে হাসপাতালের আর.বি.এইচ ডা. রুপালি বসু বলেন, ক্যান্সার চিকিৎসা মানুষের আরও কাছে পৌঁছানোর প্রয়োজন। যার কারনে আগরতলায় এসে পরিষেবা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো জানিয়েছেন এইচ সি জি কলকাতা বর্তমানে আগরতলার অটল বিহারী বাজপেয়ি ক্যান্সার হাসপাতালের সঙ্গে একটি সম্ভাব্য সামঝোতা চুক্তির জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছে। এই চুক্তি কার্যকর হলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আরও ঘনিষ্ঠ ক্লিনিকাল সমন্বয় গড়ে উঠবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালে অন্যান্য দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা।

