স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুন : ১২ জুন থেকে ৭২ ঘণ্টার জন্য সড়ক অবরোধের ডাক দিল আত্মসমর্পণকারি বৈরীরা। জানা যায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ত্রিপুরা সরকার ও ভারত সরকারের সাথে ত্রি-পাক্ষিক চুক্তি হয় এটিটিএফ ও এনএলএফটি-র মধ্যে। চুক্তি অনুযায়ী আত্মসমর্পণকারি বৈরিদের আর্থ সামাজিক উন্নয়নে ২৫০ কোটি টাকা ব্যয় করার কথা ছিল। সেই চুক্তি অনুযায়ী বহু উগ্রবাদী সেই সময় আত্মসমর্পণকরে।
আত্মসমর্পণকারি বৈরীরা সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানায় ত্রি-পাক্ষিক চুক্তি অনুযায়ী যা যা করার কথা সরকারের, তা করছে না। দুই বছর পেরিয়ে গেলেও সরকার তাদের সমস্যার সমাধান করছে না। তাই তারা সিদ্ধান্ত নিয়ে ১২ জুন থেকে সমগ্র ত্রিপুরা রাজ্যে ৭২ ঘণ্টার জন্য সড়ক অবরোধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অবরোধ করার জন্য তারা সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণের উপস্থিতিতে দিল্লিতে সেইদিন এক স্মারক স্বাক্ষরিত হয়েছে। উপস্থিত ছিলেন এন এল এফ টি এবং এ টি টি এফ -এর প্রতিনিধিরাও। যে স্মারক স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে রয়েছে উত্তর-পূর্বাঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে বারোটি গুরুত্বপূর্ণ চুক্তি। এর মধ্যে তিনটি চুক্তি ত্রিপুরার সাথে স্বাক্ষরিত।

