Thursday, September 24, 2026
বাড়ি রাজ্য দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের মিলছে না বিপিএল কার্ড

দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের মিলছে না বিপিএল কার্ড

দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের মিলছে না বিপিএল কার্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুন : ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ডুম্বুর জলাশয় সংলগ্ন প্রত্যন্ত সদানন্দ পাড়ার বাসিন্দা জুমিয়া গজেন্দ্র রিয়াং। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তার পাঁচ সদস্যের পরিবার। দারিদ্র্যসীমার নিচে বসবাস করলেও আজ পর্যন্ত তিনি বিপিএল রেশন কার্ডের সুবিধা পাননি। তার ছোট ছেলে দরেন্দ্র রিয়াংয়ের বয়স আট বছর হলেও এখনো রেশন কার্ডে নাম অন্তর্ভুক্ত করা যায়নি। মূল সমস্যা হলো শিশুটির জন্ম সনদ নেই। জন্ম সনদ না থাকায় আধার কার্ডও করা সম্ভব হচ্ছে না।

জুমিয়া গজেন্দ্র রিয়াং জানান, গত আট বছরে তিনি বহুবার পঞ্চায়েত কার্যালয় এবং মহকুমা খাদ্য দপ্তরে গিয়েছেন। কিন্তু প্রতিবারই তাকে জন্ম সনদ জমা দেওয়ার কথা বলা হয়েছে। পড়াশোনা না জানার কারণে সরকারি প্রক্রিয়া সম্পর্কে তারা তেমন কিছু বোঝেন না। ফলে বিভিন্ন দপ্তরে গিয়ে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তার। এরই মধ্যে সম্প্রতি ঘূর্ণিঝড়ে একটি বড় গাছ ভেঙে পড়ে তার একমাত্র সরকারি ঘরের উপর। এতে টিনের ছাউনি সহ ঘরের ব্যাপক ক্ষতি হয়। ঘরটি মেরামতের জন্য তিনি মহকুমা শাসক দপ্তর ও ব্লক প্রশাসনের কাছে আবেদন করলেও এখনো কোনো সহায়তা পাননি। জুম চাষ ও সামান্য কৃষিকাজ করে সংসার চালানো এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের প্রয়োজনীয় কাগজপত্র, রেশন সুবিধা ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোরালো দাবি উঠেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha