বাড়িরাজ্যজ্বালানি সাশ্রয়ে রাজ্য সরকারি দফতরে ৫০ শতাংশ কর্মী উপস্থিতি, বাকিরা ‘ওয়ার্ক ফ্রম...

জ্বালানি সাশ্রয়ে রাজ্য সরকারি দফতরে ৫০ শতাংশ কর্মী উপস্থিতি, বাকিরা ‘ওয়ার্ক ফ্রম হোম’



আগরতলা, ১৩ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের আহ্বানের প্রেক্ষিতে ত্রিপুরা সরকার রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে কর্মীদের উপস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। নতুন এই নির্দেশ অনুযায়ী, অফিস চলাকালীন সময়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে মাত্র ৫০ শতাংশ কর্মী অফিসে উপস্থিত থাকবেন। বাকি ৫০ শতাংশ কর্মী বাড়িতে থেকে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর মাধ্যমে দফতরের কাজ করবেন।

রাজ্য সরকারের সাধারণ প্রশাসন (প্রশাসনিক সংস্কার) দফতরের পক্ষ থেকে বুধবার এই নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, সংশ্লিষ্ট দফতর প্রধানদের এই ব্যবস্থা কার্যকর করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অফিসের কাজ যাতে স্বাভাবিকভাবে পরিচালিত হয় এবং একই সঙ্গে জ্বালানি ব্যবহারে সাশ্রয় হয়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, দফতর প্রধানরা সপ্তাহভিত্তিক রোস্টার প্রস্তুত করবেন। প্রথম সপ্তাহের রোস্টার তৈরির ক্ষেত্রে যেসব কর্মচারী অফিসের নিকটবর্তী এলাকায় বসবাস করেন, তাঁদের অগ্রাধিকার দিতে হবে। পরবর্তী সপ্তাহগুলোতেও পর্যায়ক্রমে কর্মীদের অফিসে উপস্থিতি নিশ্চিত করা হবে।

যেসব কর্মচারী বাড়ি থেকে কাজ করবেন, তাঁদের টেলিফোন, মোবাইল ফোন এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে সর্বদা সংযুক্ত থাকতে হবে। প্রয়োজনে দফতর প্রধানের নির্দেশ অনুযায়ী তাঁদের তাৎক্ষণিকভাবে অফিসে উপস্থিত হতে হবে।

সরকারি দফতরের পাশাপাশি সরকার অধিগৃহীত সংস্থা, স্থানীয় সংস্থা, স্বশাসিত সংস্থা এবং অন্যান্য অধীনস্থ অফিসগুলিকেও একই ধরনের নির্দেশিকা জারি করার জন্য বলা হয়েছে। তবে হাসপাতাল, বিদ্যুৎ, জল সরবরাহ, পুলিশ, দমকলসহ জরুরি পরিষেবামূলক দফতরগুলো এই নির্দেশিকার আওতার বাইরে থাকবে।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

প্রশাসনিক মহলের মতে, এই পদক্ষেপের ফলে কর্মীদের যাতায়াত কমবে, জ্বালানি ব্যবহার হ্রাস পাবে এবং পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে প্রশাসনিক কাজের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য