স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ মে : টিটিএএডিসি নির্বাচন সমাপ্ত হওয়ার এক মাসের মধ্যেই ঠিকেদারদের নিয়ে কঠোর হলো সরকার। টি টি এ এ ডি সি এলাকা থেকে যে সমস্ত ঠিকাদাররা টেন্ডার নেওয়ার জন্য লাইসেন্স গ্রহণ করেছে তারা কোন টেন্ডারে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে। তাই পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকারের নিকট ডেপুটেশন প্রদান করল তিপ্রা মথা দলের বিধায়ক ও এমডিসি-রা।
মঙ্গলবার তিপ্রা মথা দলের বিধায়ক ও এমডিসি-দের এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব মজুমদারের নিকট ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়ক ফিলিপ রিয়াং, বিধায়ক পাঠান লাল জমাতিয়া, এমডিসি সুরোজ দেববর্মা, এমডিসি জিতেন দেববর্মা এবং এমডিসি জেমস দেববর্মা। ডেপুটেশন প্রদানের পর বিধায়ক রণজিৎ দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সম্প্রতি জানতে পেরেছেন টিটিএএডিসি প্রশাসনের পূর্ত দপ্তর থেকে ঠিকেদার হিসাবে যারা লাইসেন্স নিয়েছে তাদেরকে রাজ্যের পূর্ত দপ্তরের যে কোন ধরনের টেন্ডারে অংশগ্রহণ করতে বারন করা হয়েছে। তাই এইদিন তারা পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। তিনি কোন সদুত্তর দিতে পারেননি। তিনি আশ্বস্ত করেছেন বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের নজরে আনবেন। পাশাপাশি বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। বুধবার দপ্তরের নয়া সচিবের সঙ্গেও দেখা করে কারণ জানতে চাওয়া হবে। অবিলম্বে যেন এই নিয়ম প্রত্যাহার করা হয় তার জন্য দাবি থাকবে বলে জানিয়েছেন তিনি।

