স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ মে : রেগা কর্মচারীদের চাকরির স্থায়ীকরণ এবং বেতন কাঠামো সংস্কার সহ পাঁচ দফা দাবিতে সোচ্চার হলেন এম জি এন রেগা কর্মীরা। মঙ্গলবার দুপুর নাগাদ অল ত্রিপুরা এম জি এন রেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে পদ্মবিল আর ডি ব্লকের বিডিও-র নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। জানা গেছে, ২০০৭ সাল থেকে এম জি এন রেগা প্রকল্পের অধীনে রাজ্যের বিভিন্ন ব্লকে অসংখ্য কর্মী নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।
দীর্ঘ ১৭ বছর অতিক্রান্ত হলেও তাঁদের চাকরির স্থায়ীকরণ নিয়ে কোনো সদর্থক ভূমিকা নেওয়া হয়নি। বর্তমান অগ্নিমূল্যের বাজারে স্বল্প বেতনে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক নিরাপত্তার অভাব তাঁদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এদিন স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের প্রতিনিধিরা তাঁদের পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবি গুলি হলো, এমজিএনরেগা কর্মীদের অবিলম্বে চাকরির স্থায়ীকরণ করা। পঞ্চায়েত দপ্তরের স্পনসর স্কিমের সঙ্গে সমন্বিত করে একটি সম্মানজনক বেতন কাঠামো চালু করা। বার্ষিক ইনক্রিমেন্টের হার বর্তমান ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করতে হবে। কর্মীদের অবসরের বয়সসীমা ন্যূনতম ৬৫ বছর নির্ধারণ করা।

