স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ মে : দুর্ঘটনা ঘিরে এক কলেজ ছাত্রী এবং তার ভাইয়ের উপর চড়াও হয়ে মারধর করে রক্তাক্ত করল গোয়ালা বস্তির কিছু বখাটে যুবক। ঘটনা বৃহস্পতিবার সকাল ১১ টার নাগাদ। ঘটনার বিবরণে জানা যায় ইন্দ্রনগর এলাকার বাসিন্দা প্রশন বিশ্বাস তার বোন জ্যোতিকা বিশ্বাসকে কলেজে যাওয়ার জন্য গাড়িতে তুলে দিতে এসেছিলেন গোয়ালা বস্তি সংলগ্ন এলাকায়।
তার বোন গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় একটি গাড়ি ব্যাক গিয়ার দিয়ে ধাক্কা দেয়। তখন প্রতিবাদ জানায় প্রশণ বিশ্বাস। তখন পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠে। পরে প্রশন বিশ্বাস এবং তার বোন জ্যোতিকা বিশ্বাস এনসিসি থানায় গিয়ে অভিযোগ জানায়। পুলিশ তাদের আশ্বস্ত করেন বিষয়টি দেখবেন। তারপর দুজন থানা থেকে বের হওয়ার পর সেই গাড়ি চালক এবং তার সাঙ্গোপাঙ্গরা গোয়ালা বস্তি থেকে বের হয়ে প্রশন বিশ্বাসের উপর আক্রমণ চালায়। বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত হয় প্রশণ বিশ্বাস। পরবর্তী সময়ে থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত সচিন রায় এবং শিবরাম রায় নামে দুজনকে আটক করেছে। এনসিসি থানার ওসি জানান ঘটনার তদন্ত চলছে।

