স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ মে : মুখ্য কার্যনির্বাহী সদস্য অর্থাৎ সিইএম হিসেবে শপথ নিলেন এমডিসি রুনিয়েল দেববর্মা এবং ইএম হিসেবে শপথ নিলেন চন্দ্র কুমার জমাতিয়া। বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয় খুমুলুঙ নোয়াই হলে। পূর্ব ঘোষণা অনুযায়ী শপথ গ্রহণের আগে তিপরা মথার নেতৃত্ব মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের মর্মর মূর্তিতে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
তারপর তারা নোয়াই হলে গিয়ে শপথ গ্রহণ পর্ব সম্পূর্ণ করেন। শপথ বাক্য পাঠ করান আইন সচিব শংকরী দাস। ককবরক ভাষায় শপথ গ্রহণ করেন রুনিয়েল দেববর্মা। তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এডিসিতে কাজ করার সুযোগ পেয়েছেন। স্বচ্ছতা বজায় রেখে তিনি কাজ করবেন জনগণের জন্য। পাশাপাশি বলেন সীমাবদ্ধ ফান্ডে থেকে উন্নয়নমূলক কাজ করবেন। অতিরিক্ত অর্থের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করা হবে। বিশেষ করে এডিসি এলাকার উন্নয়নের জন্য সরকারের কাছে ফান্ডের দাবি করা হবে।
একই সঙ্গে তিনি প্রধান বিরোধীদল বিজেপির চারজন এমডিসির উদ্দেশ্যে বলেন তারা যেন দ্রুত শপথ গ্রহণ করেন। আয়োজিত এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। কিন্তু তিনি উপস্থিত ছিলেন না। অপরদিকে বিরোধী কোন রাজনৈতিক দলের নেতৃত্ব শপথ গ্রহণ অনুষ্ঠানে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন না।

