স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ মে : সোমবার ছিল দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। উৎকণ্ঠার মধ্যে দিয়ে গণনা শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গেরুয়া ঝড়ে পালাবদল করেছে পশ্চিমবঙ্গের। একই সঙ্গে বিজেপি-র জয় হাসিল হয়েছে আসাম এবং পন্ডিচেরীতে। বিজেপির এই ঐতিহাসিক জয়ের সেলিব্রেশন লক্ষ্য করা গেল ত্রিপুরায়। এদিন বিকালে ৮ নং টাউন বড়দোয়ালি এলাকার মন্ডলের পক্ষ থেকে প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে এক মিছিল সংঘটিত হয়।
বিজেপি-র সেলিব্রেশন প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শুরু হওয়ার আগে বঙ্গের ঝাল মুড়ি প্যাকেট করে কর্মীদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি-র সভাপতি রাজীব ভট্টাচার্যী সহ মন্ত্রীসভার একাধিক সদস্য। মুখ্যমন্ত্রীর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে পশ্চিমবাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে। এটা গোটা দেশের জন্য সুখবর। এতদিন পশ্চিমবঙ্গের দুর্দশা দেশবাসী দেখেছে।
৩৪ বছর যেভাবে বামপন্থীরা পশ্চিমবঙ্গে কাজ করেছে, সেভাবেই কাজ করেছে ১৫ বছর তৃণমূল কংগ্রেস। আজকের ফলাফলের পর পশ্চিমবঙ্গের মানুষ ভয় থেকে বের হয়ে এসেছে। পশ্চিমবঙ্গের জন্য এই ভয় মুক্ত পরিবেশ অত্যন্ত জরুরি ছিল। গুন্ডামি করে এবং কুশাসন করে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী এদিন বিজয় মিছিল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা জানান। মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়।

