স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মে : পুরাতন নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের জন্য জারি করা হল বিজ্ঞপ্তি। রাজ্য সরকার আরক্ষা দপ্তরের অধিন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করে। মূলত এই স্পেশাল এক্সিকিউটিভরা বিভিন্ন থানার অধিন থাকবে। তারা পুলিসকে সহায়তা করবে। স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করার জন্য ইতিপূর্বে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।
যথারীতি চাকুরি প্রত্যাশীরা তাদের নিজ নিজ থানায় কাগজপত্র জমা দেয়। তারপর দীর্ঘ দিন ধরে থামকে থাকে এই নিয়োগ প্রক্রিয়া। আচমকা শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে আরক্ষা দপ্তর পূর্বে জারি করা বিজ্ঞপ্তি বাতিল করে দেয়। একই সাথে নতুন করে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চাকুরি প্রত্যাশীরা যেন মে মাসের ২০ তারিখের মধ্যে নিজ নিজ থানায় কাগজপত্র সহ আবেদন পত্র জমা দেয়।
এই নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা বলেন বর্তমান বিজেপি সরকার বেকার বিরোধী। রাজ্যের শিক্ষিত বেকারদের নিয়ে ছিনি মিনি খেলছে বর্তমান রাজ্য সরকার। ইতিপূর্বে বিভিন্ন দপ্তরের বিভিন্ন পদে নিয়োগের পর বিজ্ঞপ্তি জারি করা হয়। মাঝ পথে আবার সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হচ্ছে। স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ নিয়েও একই নাটক করা হয়েছে। স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের ক্ষেত্রে কেন আগের আবেদন পত্র গুলি বাতিল করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন উত্থাপন করেন আশিস সাহা।

