মফল, ৩ মে (হি.স.) : মণিপুরের ফেরজাওল জেলার অন্তর্গত ঙামপানুং এবং ফুলপুরি গ্রামের মধ্যবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র ও যুদ্ধসামগ্রী উদ্ধার করেছেন আসাম রাইফেলসের জওয়ানরা।
আজ রবিবার আসাম রাইফেলসের আধিকারিক সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ঙামপানুং এবং ফুলপুরি গ্রামের মধ্যবর্তী এলাকায় অভিযান চালিয়ে সাতটি দেশি একনল বন্দুক, একটি পিস্তল, ম্যাগাজিন সহ একটি .৩০৩ রাইফেল, দুটি পম্পি লঞ্চার, ৩২টি পম্পি বোমা, একটি মটোরোলা যোগাযোগ সেট চার্জার এবং ৫১টি মর্টার রাউন্ড উদ্ধার করেছে। তবে আগ্নেয়াস্ত্র মজুত রাখার সঙ্গে জড়িত অভিযোগে কাউকে গ্রেফতার করা হয়নি।
আধিকারিক সূত্র জানিয়েছে, আজ মণিপুরে জাতিগত সংঘর্ষের বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে বিপুল পরিমাণের অস্ত্রশস্ত্র উদ্ধার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষা করতে নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে, বলেছে সূত্রটি।
আসাম রাইফেলসের মতে, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকগুলো ৩৭ নম্বর জাতীয় সড়ক এবং সংলগ্ন এলাকায় অস্থিরতা সৃষ্টি করতে ব্যবহার করার জন্য মজুত করা হয়েছিল। উদ্ধারকৃত সামগ্রীগুলো পরবর্তী তদন্তের জন্য ফেরজাওল থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

