স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ এপ্রিল : আগরতলা শহরে চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে। গত ২২ এপ্রিল পশ্চিম আগরতলা থানায় একটি চুরির মামলা দায়ের হয়। মামলাটি করেন শ্যামল দাস নামে এক ব্যক্তি। এই ব্যক্তির একটি স্বর্ণের চেইন সহ নগদ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে কুখ্যাত চোর সজল সরকার, সুরজিৎ দেবনাথ এবং শিবু সাহা নামে তিনজনকে জালে তুলে।
তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই চুরি কাণ্ডে অন্যতম মাস্টারমাইন্ড রাজনগর এলাকার সায়ন সরকার এবং জয়পুর এলাকার সোহেল মিয়াকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ভোররাতে বর্ডার গোলচক্কর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। তারপর পুলিশ তাদের কাছ থেকে স্বর্ণের চেইন উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো বহু তথ্য সহ বাকি জড়িতদের নাম জানতে পারবে বলে অভিমত ব্যক্ত করেন পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি।

