আগরতলা, ২৮ এপ্রিল (হি.স.) : রাজধানী আগরতলার আমতলি থানাধীন মতিনগর এলাকায় জমি ও যাতায়াতের রাস্তা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। রাস্তার পাশে নর্দমা (ড্রেন) নির্মাণকে ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, যার জেরে দুই বছরের এক শিশুকন্যাসহ মোট ৭ জন গুরুতরভাবে আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মতিনগর এলাকার বাসিন্দা আব্রু মিয়া তাঁর বাড়ির পাশ দিয়ে যাতায়াতের রাস্তার উপর ড্রেন নির্মাণের কাজ শুরু করেন। অভিযোগ, এই নির্মাণের ফলে প্রতিবেশী আমজাদ হোসেনের পরিবারের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল। এ নিয়ে প্রতিবাদ জানাতে গেলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, আব্রু মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা একযোগে আমজাদ হোসেনের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় আমজাদ হোসেন, শাহ আলম মিয়া, মিনারা বেগম, ইশা আক্তার, কাজল মিয়া, জাকির হোসেন সহ দুই বছরের একটি শিশুকন্যা গুরুতরভাবে আহত হন। অভিযোগ আরও, হামলার সময় শিশুকন্যাটিকে তাঁর মায়ের কোল থেকে টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, যা ঘটনাটিকে আরও নৃশংস করে তোলে।
ঘটনার খবর পেয়ে আশেপাশের গ্রামবাসীরা দ্রুত ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এই ঘটনায় আমতলি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে মতিনগর এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। এলাকায় যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। আহতদের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

