বাড়িরাজ্যত্রিপুরায় আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস, জারি 'অরেঞ্জ অ্যালার্ট'

ত্রিপুরায় আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস, জারি ‘অরেঞ্জ অ্যালার্ট’

গুয়াহাটি, ২৭ এপ্রিল (হি.স.) : ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সতর্কতা হিসেবে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। এমনিতেই গত কয়েকদিন থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাতের কবলে পড়ছে অসম সহ গোটা উত্তর-পূর্বাঞ্চল। প্রাকৃতিক দুর্যোগে জবুথুবু স্বাভাবিক জনজীবন। দুদিন আগে গুয়াহাটিতে অবস্থিত আইএমডি দফতর থেকে অসমে বিভিন্ন প্রান্তে বজ্রপাত সহ ঝড়, ভূপৃষ্ঠীয় বাতাস এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস সতর্কতা জারি করেছিল। পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত হচ্ছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরামেও।

এরই মধ্যে আজ সোমবার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে এক বুলেটিন জারি করে জানানো হয়েছে, ত্রিপুরার বিভিন্ন অংশে আগামী দু-দিন, ২৮ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ মাঝারি মাত্রার ঝড়, বজ্রপাত, দমকা হাওয়া এবং বিচ্ছিন্নভাবে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী দুদিন জনসাধারণকে সতর্ক থাকতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

আইএমডি-র বুলেটিনে বলা হয়েছে, খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায় এক বা দুই স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভারি বৃষ্টি, বজ্রপাত এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

ওই সময়ে খোয়াই ও পশ্চিম জেলায় একই ধরনের আবহাওয়ার পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার সম্ভাব্য প্রভাবের কথা বিবেচনা করে প্রশাসন এই জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।

এদিকে গত দুদিন থেকে অসমের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাত হচ্ছে। উত্তর ত্রিপুরার পার্শ্ববর্তী অসমের শ্রীভূমি, কাছাড়, হাইলাকান্দি সহ ডিমা হাসাও, বরপেটা, বজালি, নলবাড়ি, তামুলপুর, কামরূপ (গ্রামীণ), কামরূপ (মেট্ৰো), দরং, মরিগাঁও, নগাঁও, কারবি আংলং, পশ্চিম কারবি আংলং, লখিমপুর, ধেমাজি, ডিব্রুগড়, চড়াইদেও, তিনসুকিয়া, দক্ষিণ শালমারা, ধুবড়ি, কোকরাঝাড়, চিরাং, বঙাইগাঁও, গোয়ালপাড়া, বাকসা, ওদালগুড়ি, শোণিতপুর, বিশ্বনাথ, গোলাঘাট, মাজুলি, শিবসাগর জেলায় ঘন ঘন বজ্রবিদ্যুৎ, ঘূর্ণিঝড় সহ ভারি বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকায়। ভারি বৃষ্টিপাতে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য