বাড়িরাজ্যদুষ্কৃতিকারীদের মুক্তির দাবিতে সড়ক অবরোধ

দুষ্কৃতিকারীদের মুক্তির দাবিতে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ এপ্রিল :  টিটিএএডিসি নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগে পুলিশের ধরপাকড়কে কেন্দ্র করে রবিবার রণক্ষেত্রের চেহারা নিল খোয়াই। পুলিশের হাতে আটক ব্যক্তিদের ‘নির্দোষ’ দাবি করে এবং তাদের অবিলম্বে মুক্তির দাবিতে সকাল থেকে খোয়াই জেলার দুটি প্রধান জাতীয় সড়ক অবরোধে সামিল হলেন তিপরা মথা সমর্থিতরা। তাদের অবরোধের জেরে অচল হয়ে পড়েছে জনজীবন, যাত্রী দুর্ভোগ পৌঁছেছে চরমে। খোয়াই-কমলপুর সড়কের চম্পাহাওড় থানাধীন বেহালাবাড়ি এলাকা এবং খোয়াই-আগরতলা সড়কের বাইজালবাড়ি থানাধীন ছনখলা পয়েন্টে রাস্তা আটকে বিক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত অবরোধকারীরা।

একই সাথে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বেলফাং নাকা পয়েন্টেও সড়ক অবরোধ করা হয়। অবরোধকারীদের দাবি, চম্পাহাওড় এবং বাইজালবাড়ি থানা পুলিশ যাদের আটক করেছে, তারা সম্পূর্ণ নিরপরাধ। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলে আটক ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবিতে অনড় থাকেন বিক্ষোভকারীরা। দুটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক দীর্ঘক্ষণ বন্ধ থাকায় খোয়াইয়ের সাথে রাজধানী আগরতলা এবং কমলপুরের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে চরম সংকটে পড়েন সাধারণ যাত্রীরা।

 বিশেষ করে দূরপাল্লার বিমান যাত্রী এবং চিকিৎসার জন্য আগরতলা অভিমুখী গুরুতর অসুস্থ রোগীদের নিয়ে আসা যানবাহনগুলো দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকে। প্রখর রোদের মধ্যে নিত্যযাত্রীবাহী বাস ও ছোট গাড়িগুলোতে আটকে থাকা শিশু ও বৃদ্ধদের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়। দিনভর এই অবরোধ ও উত্তেজনার জেরে সমগ্র খোয়াই জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। উল্লেখ্য, ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যে সন্ত্রাসের ছায়া নামিয়ে নিচ্ছে তিপরা মথা। তাদের যন্ত্রণায় অতিষ্ঠ আমজনতা। আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য