স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ এপ্রিল : বজ্রাঘাতে মৃত্যু হয়েছে আব্দুল সামাদ নামের এক ব্যক্তির। আহত হয়েছেন আব্দুল কুদ্দুস নামের আরো এক ব্যক্তি। ঘটনা শনিবার দুপুর একটা নাগাদ কমলপুর থানার অন্তর্গত বাংলাদেশ কমলপুর মহকুমার সীমান্তবর্তী মলয়া গ্রামে। মলয়া গ্রামের বাসিন্দারা জানিয়েছেন মৃত এবং আহত দুই জনই পেশায় কৃষক। দুপুরে বজ্রবিদ্যুৎ সহ যখন বৃষ্টিপাত হচ্ছিল তখন তারা একটি গাছের নিচে বসেছিল।
সেই সময় বজ্রপাতের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের সহযোগিতায় তাদেরকে কমলপুর মহকুমার বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আব্দুল সামাদকে মৃত বলে ঘোষণা করেন। আহত আব্দুল কুদ্দুসের চিকিৎসা চলছে হাসপাতালে।

