স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ অক্টোবর : শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে
ভস্মীভূত বসতঘর, অল্পের জন্য প্রাণে রক্ষা চার বছরের শিশুকন্যা। শ্রীনগর থানাধীন নাগীছড়া উপুড়িয়া লুঙ্গা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছারখার হয়ে গেল সুজিত দাসের বসতঘর। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরের বিভিন্ন আসবাবপত্র, জরুরি কাগজপত্র-সহ একাধিক গুরুত্বপূর্ণ
নথি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যেই অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সুজিত দাসের চার বছরের শিশুকন্যা। আগুন লাগার খবর পেয়ে সুজিত দাসের ছোট ভাই পাপন দাস জীবনের ঝুঁকি নিয়ে জ্বলন্ত ঘরের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে আনন্দনগর দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় শ্রীনগর থানার পুলিশ। দমকল কর্মী, পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় পরবর্তী সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
কিন্তু
ততক্ষণে আগুনের গ্রাসে ঘরের অধিকাংশ আসবাবপত্র, জরুরি কাগজপত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ
নথি পুড়ে নষ্ট হয়ে যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা
যায়নি। এই অগ্নিকাণ্ডে ব্যাপক
আর্থিক ক্ষতির মুখে পড়েছে সুজিত দাসের পরিবার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান