স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ এপ্রিল : আগরতলা পুর নিগম, পূর্ত দপ্তর, আগরতলা স্মার্ট সিটি কর্তৃপক্ষ শুধুমাত্র বড় বড় কথা বলে চলেছে। অথচ তাদের আনস্মার্ট পরিকল্পনার কারণে শহরে বিভিন্ন সমস্যা চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কোথাও রাস্তা ভাঙ্গা, কোথায় ড্রেন নিষ্কাশনের অভাবে রাস্তায় জল জমছে, আবার কোথাও শহরের ফুটপাত দখল করে রাখছে বেআইনি পার্কিং। সব মিলিয়ে স্মার্ট সিটি এক প্রকার ভাবে আনস্মার্ট প্রশাসনের কারণে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। যা বলার অপেক্ষা রাখে না সাধারণ মানুষের পক্ষ থেকে।
বৃহস্পতিবার সকাল থেকেই আগরতলা জিবি হাসপাতালের সামনে রাস্তার মধ্যে জমে আছে জল। মানুষের চলাচলের মত অবস্থা ছিল না রাস্তাটির। পায়ে হেঁটে এ রাস্তা দিয়ে চলাচল করার জন্য অনেকেই দ্বিধাবোধ করেছে। কারণ জিবি হাসপাতালের দূষিত জল এসে রাস্তার ড্রেনে পড়ছে। কিন্তু রাস্তার ড্রেনটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভুগছে। যার ফলে জিবি হাসপাতালের জল রাস্তায় উঠছে। আর এই দূষিত জলের গন্ধে অতিষ্ঠ স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে পথচারীরা। শুধু তাই নয়, এই দূষিত জল পথচারীদের পায়ের সংস্পর্শে আসলে যে কোন ধরনের রোগ হতে পারে।
এলাকার কাউন্সিলর লতা নাথ। তিনি ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর। স্থানীয়রা বহুবার অভিযোগ নিয়ে অবগত করলেও কর্ণপাত হচ্ছে না কেউ। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকায় আসলেও ভিআইপি গাড়ি দিয়ে আসে বলে তাদের পায়ে নোংরা জল লাগেনা। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছে বলে জানান স্থানীয় এক ব্যবসায়ী। এদিকে শহরের দুর্গা চৌমহনি থেকে বড়জলা পর্যন্ত রাস্তার বেহাল দশা। চলাচলের মত অবস্থা নেই। দিনে কয়েক হাজার গাড়ি এই রাস্তাটি দিয়ে যাতায়াত করে। যান দুর্ঘটনাও সংগঠিত হচ্ছে। এবং এ রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে একপ্রকার ভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে যান চালকরা। গত দুর্গাপূজার সময় রাস্তা দিয়ে সংস্কার করা হলেও দুমাস যায়নি রাস্তাটির অবস্থা আবারও বেহাল। এর পেছনে মূলত নিম্নমানের কাজের অভিযোগও থাকতে পারে।

