স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ এপ্রিল : প্রতিশ্রুতির বন্যা বইছে পাহাড়ে। অথচ এই ভোট পাখিরা প্রতিবারই এডিসি নির্বাচনের আগে উন্নয়নের দোহাই দিয়ে ভোট আদায় করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে। এবার ভোটের পাঁচ দিন আগে অভিযোগ উঠেছে, বিদ্যুৎ এবং পানীয় জলের সংকটে ভুগছে ৩৫ পরিবার। তারা ধলাই জেলার ছাওমনু ব্লকের অন্তর্গত আনন্দ হরির রোয়াজা পাড়ার বাসিন্দা।
দীর্ঘদিন ধরে এলাকায় এই সমস্যা সৃষ্টি হয়ে আছে বলে অভিযোগ স্থানীয়দের। ছাওমনু আর ডি ব্লকে জলের জন্য লিখিত দিয়েও কোন কাজ হয়নি বলে জানান গ্রামবাসী। অনেকবার নেতারা এসে তাদেরকে প্রতিশ্রুতি দেন যে জল এবং বিদ্যুতের সমস্যার সমাধান করবে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলে জানান গ্রামবাসী। ছড়ার জল ঘোলা হলে তাদের জলের সংকটে ভুগতে হয় বলে জানান। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিষয়টি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। অথচ সুশাসন জামানায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হলেও জল জীবন মিশন এবং হর ঘর জল প্রকল্পের বাস্তবায়ন হয়নি এলাকায়। আর চার দিন বাদেই এডিসি নির্বাচন। এই অবস্থাতে জল এবং বিদ্যুৎ নিয়ে চরম ক্ষুব্ধ স্থানীয়রা। এর প্রভাব পড়তে পারে ভোট ব্যাংকে বলে মনে করছে রাজনৈতিক মহল।

