স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ এপ্রিল : মঙ্গলবার থেকে শুরু হয়েছে পোস্টাল ব্যালটের ভোট গ্রহণ প্রক্রিয়া। দুদিন ব্যাপী চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। বুধবার পর্যন্ত হবে এই ভোট গ্রহণ। সারা রাজ্য থেকে প্রায় সাড়ে ৬ হাজার ভোট কর্মী এবং নিরাপত্তা কর্মী সহ এডিসি ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মী রয়েছেন। তাদের জন্য এই পোস্টাল ব্যালটে ভোট। খোয়াই মহকুমার ৯ নং আসন আশারাম বাড়ি-হালহালি এবং ১২ নং আসন রামচন্দ্র ঘাট এই দুটির কেন্দ্রের জন্য খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট কার্যালয় প্রাঙ্গণে সকাল দশটা থেকে শুরু হল পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ পর্ব। দুইদিন পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ।
এক সাক্ষাৎকারে এই দুটি কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট নির্মল কুমার ঝাঁ জানান, ৯ আশারাম বাড়ী – হাল হালি আসনের জন্য পোস্টাল ব্যালট ইস্যু করা হয়েছে ৩০৩ টি। ১২ রামচন্দ্র ঘাট আসনের জন্য পোস্টাল ব্যালট ইস্যু করা হয়েছে ৩৫২ টি। এরমধ্যে খোয়াই ভোট গ্রহণ কেন্দ্রে ৯ নং আসনের জন্য ভোট গ্রহণ করা হবে ২১৩ টি এবং ১২ নং আসনের জন্য ভোট গ্রহণ করা হবে ১৪২টি। এই দুই কেন্দ্রের বাকি ভোটাররা কর্মসূত্রে যে স্থানে রয়েছেন সেই স্থানে ভোট দান করবেন।এদিকে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় ২৭ পূর্ব মুহুরিপুর-ভুরাতলী এবং ২৮ শিলাছড়ি-মনুবনকুল কেন্দ্রকে ঘিরে কমিশনিংয়ের দ্বিতীয় পর্ব সম্পন্ন হচ্ছে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে নিযুক্ত কর্মীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়াও শুরু হয়েছে।
সাব্রুম মহকুমা শাসকের কার্যালয়ে কমিশনিংয়ের কাজ পরিচালিত হচ্ছে, যেখানে ভোটগ্রহণ সামগ্রী ও প্রয়োজনীয় সরঞ্জাম যাচাই-বাছাই করা হয়। অন্যদিকে সাব্রুম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে কর্মীদের পোস্টাল ব্যালটের ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছে। সমগ্র কার্যক্রমটি রিটার্নিং অফিসার তথা সাব্রুমের মহকুমা শাসক সুমন রক্ষিতের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সমস্ত নির্দেশিকা মেনেই প্রতিটি ধাপ সম্পন্ন করা হচ্ছে এবং কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার খবর নেই। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এবং নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

