স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ এপ্রিল : রবিবার রাতে মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায় রেনু দেববর্মার বাড়িতে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। সেখানে দলীয় কিছু কর্মসূচি এবং সৌজন্য সাক্ষাৎকারে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু মন্ত্রীর উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই একদল দুষ্কৃতিকারী আচমকা ওই বাড়িতে চড়াও হয়। অভিযোগ, ওই এলাকার হল্যান্ড দেববর্মার নেতৃত্বে হামলাকারীরা বেপরোয়া ইট-পাটকেল ছুড়তে শুরু করে। এমনকি ‘গোলটি’ ছুড়ে সরাসরি মন্ত্রীকে লক্ষ্য করারও চেষ্টা হয়।
আচমকা এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। বাড়িটির টিনের ছাউনি ও কাঠামোর ব্যাপক ক্ষতি হয়। পাশাপাশি কয়েকটি ঘর ভাঙচুরের, পাশাপাশি প্রায় আট থেকে দশটি মোটর সাইকেল চুরমার করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠায় মন্ত্রী ও তাঁর নিরাপত্তা রক্ষীরা বাড়ির ভিতরেই আশ্রয় নিতে বাধ্য হন। প্রায় এক ঘণ্টা ধরে তাঁরা কার্যত নাকি অবরুদ্ধ অবস্থায় ছিলেন।এই ঘটনায় মন্ত্রী বিকাশ দেববর্মা দাবি করেন, তিপরা মথার হল্যান্ড দেববর্মার নেতৃত্বে তাঁকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তাঁর অভিযোগ, আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা চলছে।
তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সব রাজনৈতিক দলের কাজ করার অধিকার রয়েছে। এ ধরনের হিংসাত্মক রাজনীতি কাম্য নয়। আইন আইনের পথে চলবে। বারবার এভাবে আক্রমণ ঠিক নয়। তিনি আরো বলেন তাকে হত্যা করার জন্য এ আক্রমণ করেছে দুর্বৃত্তরা। তাই তারা বারবার আক্রমণের ঘটনা সংঘটিত করছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার জন্য সকলের সহযোগিতা চাইলেন তিনি। এই বিষয়ে মঙ্গিয়াকামী থানার ওসির কাছ থেকে জানতে চাইলে তিনি জানান, এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুঙ্গিয়াকামি থানার পুলিশ এবং আধা-সামরিক বাহিনী। সঙ্গে সঙ্গেই বাড়িটিকে ঘেরাও মুক্ত করা হয়। এই ঘটনায় সংঘটিত করার অভিযোগে পুলিশ রাতেই দুইজনকে গ্রেপ্তার করেছে। তবে এই ঘটনায় কোনো গাড়ি বাইক ভাঙ্গা হয়নি বলে জানান ওসি।বর্তমানে এলাকায় পুলিশ এবং টিএসআর মোতায়েন রয়েছে।

