স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ এপ্রিল : জনগণের স্বার্থে নয়, নিজ ব্যক্তির স্বার্থে দল পাল্টিয়েছেন বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মা। সোমবার সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করলেন এই কথা। আবার, দলবদলু নেতা অনন্ত দেববর্মা বিজেপিতে যোগ দিয়ে টিকিট পেয়ে গেলেন। জনগণের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন বোধক চিহ্ন তৈরি করেছেন তিনি। সোমবার ৯ হালাহালি -আশারামবাড়ি কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অনন্ত দেববর্মার সমর্থনে এক বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়। চাম্পাহাওর ভারত সর্দার স্কুল প্রাঙ্গণ থেকে বাইক মিছিলটি শুরু হয়।
মিছিলের অগ্রভাগে একটি সুসজ্জিত হুডখোলা গাড়িতে চড়ে জনতাকে অভিবাদন জানান বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মা ও দলের অন্যান্য জেলা পর্যায়ের নেতৃত্ব। বাইক নিয়ে কর্মী-সমর্থকরা গোটা এলাকা পরিক্রমা করেন। বাইক মিছিলটি চাম্পাহাওর, হাতিমারা, গোপাল নগর, বাচাইবাড়ি থেকে জাতীয় সড়ক ধরে বেহালাবাড়ি, আশারামবাড়ি হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রার্থী অনন্ত দেববর্মা বলেন, ২০২১ সালের এডিসি নির্বাচনে তিপ্রা মথা থেকে জয়ী হয়ে এমডিসি এবং পরবর্তীতে এডিসির মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু এবার দল তাকে সহ চারজন মন্ত্রী ও তিনজন এমডিসি-কে রাজেশ ত্রিপুরা, দলিত ত্রিপুরা ও সোহেল দেববর্মাকে টিকিট দেয়নি। তিনি আরও দাবি করেন, তিপ্রা মথার এই সিদ্ধান্তে এলাকার সাধারণ ভোটার ও তাদের সমর্থকরা ক্ষুব্ধ। তারা আর মথাকে ভোট দেবেন না। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং এডিসিতে বিজেপি সরকার গঠন করবে।উল্লেখ্য,গত নির্বাচনে তিপ্রা মথার টিকিটে জয়ী হওয়ার পর টিকিট না পেয়ে সম্প্রতি অনন্ত দেববর্মা বিজেপিতে যোগ দিয়েছেন। দলবদলু প্রার্থী অনন্ত দেববর্মার কথায় পরিষ্কার তিনি টিকিট পাননি বলে দল পাল্টিয়েছেন। মনোনীত প্রার্থীর চিন্তার ধারা এবং মানসিকতা জনগণের স্বার্থের নাকি নিজ ব্যক্তির সাথে সেটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে।

