স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মার্চ : সুশাসন জামানায় মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে রাস্তা নির্মাণের ব্যাপক অনিয়মের অভিযোগ। প্রতিবাদের সরব হল এলাকাবাসী। পশ্চিম পিলাক সাহা পাথর এলাকায় নিম্ন মানের রাস্তা নির্মানের অভিযোগ তুললেন স্থানীয়রা। জোলাইবাড়ীর পশ্চিম পিলাক সাহা পাথর এলাকার এই রাস্তার অবস্থায় দীর্ঘদিন ধরে বেহাল। স্থানীয়দের দাবিতে এলাকার বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া নড়েচড়ে বসলে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু রাস্তা নির্মাণের বড়োসড়ো অনিয়ম চাক্ষুষ করছে স্থানীয়রা।
এই কাজের বরাত পায় সঞ্জয় বিশ্বাস নামে এক ঠিকেদার। দুই কোটি টাকায় রাস্তা নির্মাণের কাজ হল এটা। কিন্তু রাস্তা নির্মাণের কাজ শুরু হতেই ব্যাপক অনিয়ম প্রকাশ্যে আসলো। নিম্নমানের সরঞ্জাম দিয়ে কাজ চলছে বলে দাবি এলাকাবাসীর। রাস্তা নির্মানের জন্য যে সকল জায়গায় সাইড ওয়ালের কথা থাকলেও তা সঠিকভাবে দেওয়া হচ্ছে না। আর যে সকল জায়গায় সাইড ওয়াল দেওয়া হয়েছে তা খুবই নিম্নমানের। এলাকার মহিলাদের অভিমত সিমেন্টের পরিমাণ কম দিয়ে চিপস এবং বালি দিয়ে সাইড ওয়াল নির্মাণ করা হয়েছে। যার জন্য ফাটল ধরেছে। এই নিয়ে এলাকাবাসী ঠিকেদারকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয় লোকজনদের অভিযোগ এই কাজের দায়িত্বে থাকা বাইখোড়া পূর্ত দপ্তরের ইঞ্জীনিয়ার সুকান্ত দেবনাথ ঠিকেদারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করেছেন। এলাকাবাসীর দাবি পূর্ত দপ্তরের আধিকারিক যেন সরজমিনে রাস্তার কাজ পরিদর্শন করেন। না হলে রাস্তাটি চলাচলের অযোগ্যই থেকে যাবে। এলাকার ৬০ পরিবারের দাবি মেনে রাস্তাটি কাজ শুরু করা হলো এ ধরনের দুর্নীতি এবং অনিয়ম নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ বিস্তার করছে।

