Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য টিটিএএডিসি ভোট ও এসআইআর প্রক্রিয়া নিয়ে আগরতলায় বিজেপি-এর কর্মশালা

টিটিএএডিসি ভোট ও এসআইআর প্রক্রিয়া নিয়ে আগরতলায় বিজেপি-এর কর্মশালা

টিটিএএডিসি ভোট ও এসআইআর প্রক্রিয়া নিয়ে আগরতলায় বিজেপি-এর কর্মশালা

আগরতলা, ২১ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচন এবং এসআইআর প্রক্রিয়াকে সামনে রেখে শনিবার রাজধানী আগরতলায় একদিনের কর্মশালার আয়োজন করল প্রদেশ বিজেপি। শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রিসভার সদস্য, বিধায়ক এবং জেলা ও মণ্ডল স্তরের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল টিটিএএডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং ২৫ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত হয়েছে। এই প্রেক্ষিতে প্রার্থী বাছাই, আসন সমঝোতা, নির্বাচনী রণকৌশল এবং এসআইআর প্রক্রিয়ায় দলীয় কর্মীদের ভূমিকা নির্ধারণে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রায় ৫০ মিনিট উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্যে জোট রয়েছে এবং জোটের ধর্ম মেনে বিজেপি এগুচ্ছে। আসন বণ্টন নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি দেখছে বলেও তিনি উল্লেখ করেন। রাজ্যস্তরে এখনও এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়নি বলেও জানান তিনি।

এসআইআর প্রক্রিয়া সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, এটি ভারতের নির্বাচন কমিশনের একটি স্বাভাবিক প্রক্রিয়া, যার মাধ্যমে ভোটার তালিকা যাচাই করা হয় যাতে কোনও প্রকৃত ভোটার বাদ না পড়েন। ইতিমধ্যেই রাজ্যে আধিকারিক স্তরে এই কাজ শুরু হয়েছে এবং বিজ্ঞপ্তি জারির পর মাঠ পর্যায়ে কার্যক্রম আরও জোরদার হবে।

তিনি আরও জানান, এসআইআর প্রক্রিয়ায় দলীয় কর্মী ও নেতাদের ভূমিকা কী হবে তা নির্ধারণ করতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

এদিনের কর্মশালায় বিজেপি-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ এবং সর্বভারতীয় সম্পাদক বিনোদ সুনকারও উপস্থিত ছিলেন। তাঁরা কর্মশালায় বক্তব্য রাখেন এবং সংগঠনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha