বাড়িরাজ্যতিন বছর ধরে পানীয় জলের সংকট, প্রতিবাদে সড়ক অবরোধ করলো জনগণ

তিন বছর ধরে পানীয় জলের সংকট, প্রতিবাদে সড়ক অবরোধ করলো জনগণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ মার্চ :দীর্ঘ তিন বছর ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন বেজিমারা গ্রাম পঞ্চায়েতের এসসি কলোনি এলাকার বাসিন্দারা। একাধিকবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।মঙ্গলবার এই সমস্যার প্রতিবাদে সোনামুড়া-কাঠালিয়া সড়কের বেজিমারা চুমুহনী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয়রা।

দীর্ঘ সময় ধরে চলা এই অবরোধের ফলে রাস্তার দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রী সাধারণ।এলাকাবাসীর অভিযোগ, কেন্দ্র সরকারের “হর ঘর জল” প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হলেও সেই সাপ্লাই পয়েন্ট দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিনই চরম জল সংকটে পড়তে হচ্ছে তাদের।বাসিন্দাদের আরও দাবি, গত তিন বছর ধরে তারা পুকুর থেকে জল সংগ্রহ করে পানীয় জলসহ নিত্যপ্রয়োজনীয় কাজ চালাতে বাধ্য হচ্ছেন, যা স্বাস্থ্যঝুঁকিও বাড়াচ্ছে। প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চললেও সংশ্লিষ্ট দপ্তরের কোনো আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হননি বলে অভিযোগ। এতে বিক্ষোভকারীদের ক্ষোভ আরও তীব্র হয়ে উঠে। এলাকাবাসীর স্পষ্ট দাবি, অবিলম্বে পানীয় জলের স্বাভাবিক সরবরাহ চালু করতে হবে এবং বিকল জল পাম্প দ্রুত মেরামত করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের নামবেন তারা। তবে পানীয় জল নিয়ে দিকে দিকে এ ধরনের অভিযোগ উঠতে শুরু করেছে। দপ্তরের উদাসীনতার জন্য গ্রাম পাহাড়ে সংকট শুরু হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য