Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য ভয়াবহ অগ্নিকাণ্ডের চার থেকে পাঁচটি দোকান ভস্মীভূত

ভয়াবহ অগ্নিকাণ্ডের চার থেকে পাঁচটি দোকান ভস্মীভূত

ভয়াবহ অগ্নিকাণ্ডের চার থেকে পাঁচটি দোকান ভস্মীভূত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৬ মার্চ : চৈত্র মাস আসন্ন। বৃহস্পতিবার মাঝ রাতে তেলিয়ামুড়া ফল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই অগ্নিকাণ্ডে প্রায় চার থেকে পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান গুলির মধ্যে ছিল মুদির দোকান, হার্ডওয়্যার, ইলেকট্রনিক, কাপড়, জুয়েলারির দোকান। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি দোকানে গ্যাস মজুদ ছিল।

 সেই দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে কল্যাণপুর থেকে আরও একটি দমকলের ইঞ্জিন আনা হয়। ঘটনাস্থলে উপস্থিত হন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ, থানার ওসি জয়ন্ত কুমার দে সহ থানার বিশাল পুলিশ বাহিনী।

দমকল কর্মী, পুলিশ এবং স্থানীয় মানুষের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যদিও এই ঘটনায় নিজের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এক অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী আহত হন। তবে এই অগ্নিকাণ্ডে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা কার্যত সর্বস্বান্ত হয়ে পড়েছেন। দমকল কর্মীরা জানান, কী কারণে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। অগ্নিকাণ্ডে চার থেকে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আরও কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ ছড়িয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান