স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : প্রতিবছর ২৮ ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। এই উপলক্ষে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের রাজ্যভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়। ত্রিপুরা সায়েন্স ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি হয় ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পরিষদের মিলনায়তনে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা।
তিনি বক্তব্য রেখে বলেন, কারিগরি বিদ্যায় পারদর্শিতা লাভ করতে না পারলে কখনো উন্নত দেশ হিসেবে বিশ্ব বিবেচনা করবে না। কালি খাসা চাল ভারত থেকে রপ্তানি হলেও কেউ বলবে না উন্নত দেশ ভারত। অর্থাৎ বিজ্ঞান-প্রযুক্তিতে এগিয়ে থাকতে হবে দেশকে। তিনি চীনের তুলনা দিয়ে বলেন বিজ্ঞানের কারণে চীন আজ বিশ্বের উন্নত দেশ। মন্ত্রী আরো বলেন, বিজ্ঞান গুঞ্জনে বিশ্বাস করে না। কোন কিছু গবেষণার পর নিশ্চিত হওয়ার পর বিজ্ঞান সিলমোহর দেয়। সবকিছুর পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তন চলবে। তাই ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের প্রতি অনেক বেশি আগ্রহী হতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। তাহলে সময়ের সঙ্গে দেশ হয়ে এগিয়ে যাবে। এমনটাই অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী।

