স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : কলকাতায় রহস্যজনক বাইক দুর্ঘটনায় মৃত্যু ত্রিপুরার ছাত্রের। তার বাড়ি ইন্দ্রনগর বাংলার মাঠ এলাকায়। নাম গৌরব মোদক। পিতার নাম গোপাল মোদক। কলকাতায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং -এর অন্তিম বর্ষের ছাত্র ছিল সে। কলকাতার দমদমে বাইক দুর্ঘটনায় গৌরবের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইন্দ্রনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গৌরবের মা জানান, রবিবার রাতের বেলা রোহান নামে তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিল গৌরব। রাত এগারোটার সময় ফোনে কথা হয় বাড়ির লোকজনদের সঙ্গে। পরবর্তী সময় আর কথা হয়নি।
সোমবার সকাল বেলা রোহনের বাবা ফোন করে জানান দুর্ঘটনায় গৌরবের মৃত্যু হয়েছে এবং রোহন পায়ে ব্যথা পেয়েছে। সাথে সাথে পরিবারের লোকজনেরা খবর নেওয়ার চেষ্টা করে। গৌরবের মোবাইল ফোনে ফোন করা হলে কেউ ফোন রিসিভ করছে না। এদিকে খবর পেয়ে গৌরবের বন্ধু এবং নিকটবর্তী আত্মীয় কলকাতায় গেছে মৃতদেহ আনার জন্য। পরিবারের ধারণা বুধবার মৃতদেহ বাড়ি আনা সম্ভব হবে। এদিকে পরিবারের লোকজন জানিয়েছেন গৌরবের মৃত্যুর খবর পেয়ে এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন ছুটে গেছেন। খোঁজখবর নিয়েছেন। কলকাতায় যাতে সমস্ত প্রশাসনিক কাজ শেষ করে মৃতদেহ রাজ্যে ফিরিয়ে আনতে পারে তার জন্য চেষ্টা করছেন তিনি। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গৌরবের মা এবং আত্মীয়-স্বজন জানান, সরকার যাতে সুষ্ঠু তদন্ত করে। গৌরবের মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়ে আছে পরিবারের লোকজনদের মধ্যে। একমাত্র সন্তানের মৃত্যুর খবর পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পিতা। আর পাঁচ মাস পর ইঞ্জিনিয়ারিং শেষ করে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু এর মধ্যেই এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।

