স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ ফেব্রুয়ারি : তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহারানী এলাকায় শুক্রবার দুপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। পরকীয়া সন্দেহে এক ব্যাক্তিকে প্রকাশ্যে অপমান ও মারধর করার অভিযোগ উঠল এক স্বামীর বিরুদ্ধে। জানা গেছে, অভিযুক্ত জয়দ্বীপ রায় পেশায় একজন টমটম চালক। তিনি মহারানীপুর এলাকার এক বিবাহিত মহিলাকে নিয়মিত টমটমে করে ঘোরাফেরা করতেন। এই বিষয়টি নিয়ে এলাকায় কানাঘুষো চলছিল। শুক্রবার বিষয়টি মহিলার স্বামীর কানে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় সূত্রের দাবি, শুক্রবার ওই মহিলার স্বামী হাতে-নাতে ধরে ফেলেন অভিযুক্তকে। এরপরই রাগের মাথায় সেই ব্যক্তিকে পাকড়াও করে মাথার অর্ধেক চুল মুন্ডন করে দেওয়া হয়। শুধু তাই নয়, মুখে কালো কালি মেখে মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার উৎসুক মানুষজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তেলিয়ামুড়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত স্বামী এবং সংশ্লিষ্ট মহিলার নাগর জয়দ্বীপ—উভয়কেই আটক করা হয়।
এবং তেলিয়ামুড়া থানায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে খবর। তবে এই ঘটনার পেছনে প্রকৃত সত্য কী, আদৌ পরকীয়ার সম্পর্ক ছিল কিনা, নাকি ব্যাক্তিগত শত্রুতার জেরে এমন কাণ্ড—তা এখনও স্পষ্ট নয়। তবে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চর্চা তুঙ্গে। সামাজিক অবক্ষয় না কি ব্যাক্তিগত প্রতিশোধ—প্রশ্ন উঠছে দুই দিকেই। তবে পুলিশের অভিমত আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনও অধিকার কারোর নেই। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান