স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ ফেব্রুয়ারি :মহিলাদের আত্মনির্ভর করে তোলা এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে হ্যান্ডলুম ও সেরিকালচারকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা মূলক বৈঠক অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার আগরতলার গোর্খাবস্তি স্থিত দপ্তরের কার্যালয় প্রাঙ্গনে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয় শুক্রবার। বৈঠকে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ আধিকারিকরা।
আলোচনার মূল বিষয় ছিল—কীভাবে হ্যান্ডলুম ও সেরিকালচার শিল্পকে আরও সংগঠিত ও কার্যকরভাবে ব্যবহার করে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা যায় এবং নতুন কর্মসংস্থানের পথ তৈরি করা যায়। বৈঠক শেষে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, “হ্যান্ডলুম এবং সেরিকালচারকে কেন্দ্র করে মহিলাদের আত্মনির্ভর করার একটি সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই বৈঠকে সেই পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে।” মন্ত্রী আরও জানান, এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন মহিলাদের আর্থিক ক্ষমতায়ন সম্ভব হবে, তেমনই রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পগুলিও নতুন প্রাণ ফিরে পাবে।

