স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।৩ ফেব্রুয়ারি : মঙ্গলবার রাজ্যসভায় ত্রিপুরার গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক NH-8 অর্থাৎ মুঙ্গিয়াকামী–আমবাসা, NH-108B, NH-208B ও NH-208A-এর বিভিন্ন সমস্যার বিষয়টি উত্থাপন করেন সাংসদ রাজিব ভট্টাচার্যী। তিনি বলেন ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার দেশে প্রতিষ্ঠিত হওয়ার পর উত্তর-পূর্বাঞ্চলের জন্য যে গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ত্রিপুরা রাজ্য।
২০১৪ সালের আগে ত্রিপুরায় মাত্র একটি জাতীয় সড়ক ছিল। বর্তমানে আটটি জাতীয় সড়ক হচ্ছে ত্রিপুরায়। ইতিমধ্যে ছয়টি জাতীয় সড়কের কাজ সম্পন্ন হয়ে গেছে। বাকী দুটি জাতীয় সড়কের কাজ চলছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, জাতীয় সড়ক NH-8 অর্থাৎ মুঙ্গিয়াকামী–আমবাসা, NH-108B, NH-208B ও NH-208A-এর যে কাজ হয়েছে তার মধ্যে বিশাল বড় আকারের একাধিক গর্ত তৈরি হয়েছে। যার কারণে সাধারণ মানুষ এবং অ্যাম্বুলেন্স দিয়ে রোগী নেওয়ার সময় অত্যন্ত সমস্যায় পড়তে হচ্ছে। তাই আজকে বিষয়টি উত্থাপন করে সংশ্লিষ্ট মন্ত্রক এবং পিএম গতিশক্তির নজরে এনে দাবি করা হচ্ছে যে ক্ষতিগুলি হয়েছে, সেগুলি পুনরায় বাজেট বরাদ্দর মাধ্যমে সংস্কার করার জন্য।

