স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।৩ ফেব্রুয়ারি : কচ্ছপের গতিতে চলছে লিচুবাগান স্থিত উপজাতি গবেষণা এবং সাংস্কৃতি প্রতিষ্ঠান। দীর্ঘ পাঁচ মাস ধরে বেতন পাচ্ছে না উপজাতি গবেষণা কেন্দ্রের সিকিউরিটি গার্ডরা। মঙ্গলবার তারা উপজাতি গবেষণা ও সাংস্কৃতি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়। জানা যায়, দীর্ঘ পাঁচ মাস আগে সিকিউরিটি গার্ডের যে এ.এস সংস্থা রয়েছে তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। তারপর নতুন করে টেন্ডার ডাকার জন্য নির্দেশ দেওয়া হয় অফিস কর্তৃপক্ষকে।
সে মোতাবেক নয়া টেন্ডার ডাকা হয়। যার কারণে গত পাঁচ মাস ধরে সিকিউরিটি সংস্থার বিল না হওয়ায় বেতন আটকে আছে। আগামী কিছুদিনের মধ্যে যদি টেন্ডার অনুমোদন পায় তাহলে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট সংস্থাকে। তখন আর কোন সমস্যার মুখে পড়তে হবে না কর্মরত সিকিউরিটি গার্ডদের। এমনটাই জানিয়েছেন ডেপুটি ডাইরেক্টর রুমা পাল। কিন্তু সিকিউরিটি গার্ডেরা ডেপুটি ডাইরেক্টরের আশ্বাস মানতে নারাজ। তাদের বক্তব্য প্রত্যেকের সংসার রয়েছে। এভাবে তালবাহানা করলে চলবে না। তারা সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে গত পাঁচ মাস ধরে। দিশেহারা হয়ে আজ তারা তালা ঝুলিয়ে দিতে বাধ্য হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

