স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ জানুয়ারি : আগরতলা শহরের কিছু ব্যবসায়ী বেআইনি ভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছে। পুর নিগম সর্বদা চেষ্টা করে ফুটপাত দখল মুক্ত রাখতে ও আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তারপরও কিছু কিছু ব্যবসায়ী ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই নিয়ে শুক্রবার পুর নিগম, পূর্ত দপ্তর, স্মার্ট সিটি মিশন ও অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। যাতে করে নিগম এলাকার মানুষ নিগমের পরিষেবা সুন্দর ভাবে গ্রহণ করতে পারে। বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ৩ ফেব্রুয়ারি থেকে আগরতলা শহরের সর্বদা বেআইনি ভাবে দখল করে রাখা ফুটপাত দখল মুক্ত করতে অভিযান শুরু করা হবে।
শনিবার পুর নিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিকে বেআইনি হোডিং-এর বিরুদ্ধে আগরতলা শহরে অভিযান আগরতলা পুর নিগমের। আগরতলা শহরের যত্রতত্র বিনা অনুমতিতে লাগানো হয়েছে ফ্লেক্স। যার কারনে ঘটছে দৃশ্য দূষণ। এইনিয়ে দীর্ঘ দিন ধরে নিরব ভূমিকা পালন করে আসছে আগরতলা পুর নিগম। অবশেষে কুম্ভ নিদ্রা ভঙ্গ হল আগরতলা পুর নিগমের। শনিবার থেকে বিনা অনুমতিতে আগরতলা শহরে লাগানো হোডিং-এর বিরুদ্ধে অভিযানে নামল পুর নিগমের টাস্ক ফোর্স। এইদিন পুর নিগমের সেন্ট্রাল জোনে চালানো হয় অভিযান। এইদিন যে সকল হোডিং বিনা অনুমতিতে সেন্ট্রাল জোন এলাকায় লাগানো হয়েছে, সেই গুলিকে খুলে নিয়ে যায় পুর নিগমের টাস্ক ফোর্স। নিগমের এক আধিকারিক জানান আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের অধিন যতগুলি হোডিং বিনা অনুমতিতে লাগানো হয়েছে, সেই গুলিকে খুলে নেওয়া হচ্ছে। ধারাবাহিক ভাবে এই অভিযান চলবে বলে জানান তিনি।

