স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জানুয়ারি :ইনস্টাগ্রামের মাধ্যমে দীর্ঘ সাত মাস ধরে এক নাবালিকা কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ এলাকার যুবক প্রতীক শর্মা। অভিযোগ, সেই সম্পর্কের সুযোগ নিয়ে নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি প্রতীক শর্মা ধর্মনগরে এসে কৌশলে ওই নাবালিকা কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে যায়।
বিষয়টি পরিবারের নজরে আসতেই তড়িঘড়ি ধর্মনগর মহিলা থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।তদন্ত চলাকালীন ১৬ জানুয়ারি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত যুবক প্রতীক শর্মাকে গ্রেফতার করে। পরবর্তীতে ধর্মনগর মহিলা থানার পুলিশের একটি দল সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পশ্চিমবঙ্গে গিয়ে অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে মঙ্গলবার ধর্মনগরে নিয়ে আসে। বুধবার ধৃত যুবক প্রতীক শর্মাকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করে ধর্মনগর মহিলা থানার পুলিশ। এদিকে গ্রেফতারের পর অভিযুক্ত যুবক নিজেকে নির্দোষ প্রমাণ করতে জানায়, নাবালিকা প্রেমিকা তাকে বলেছিল যে তার সৎ মা ও অন্যান্য পরিবারের সদস্যরা তার উপর অত্যাচার করছে। সেই কারণেই নাকি প্রেমিকার অনুরোধে সে ধর্মনগরে এসে তাকে নিয়ে যায়। অন্যদিকে, ধর্মনগর মহিলা থানার অফিসার-ইন-চার্জ শিপ্রা দাস জানান, গোটা ঘটনার তদন্ত চলছে। নাবালিকার সুরক্ষা ও আইনি অধিকার নিশ্চিত করতে সমস্ত আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে। ঘটনাটি ঘিরে ধর্মনগর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ও নাবালিকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

