স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জানুয়ারি :সুশাসন জামানায় মুখে মুখে উন্নয়নের ফুলঝুরি। অথচ ওবিসি কল্যাণ দপ্তরের ফান্ডে টাকা নেই ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করার। এই তাজ্জব কান্ড সুশাসন জামানায় প্রতিবছর ঘটছে। প্রতিবছর স্কলারশিপের সময় হলে এস সি, এস টি এবং ওবিসি কল্যাণ দপ্তরের দারস্থ হতে হয় ছাত্র-ছাত্রীদের। ব্যতিক্রম হচ্ছে না এবছর। গত কয়েকদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরের দারস্থ হচ্ছে তপশিলি, উপজাতি ছাত্রছাত্রীরা।
ছাত্রছাত্রীরা স্কলারশিপের দাবি করে তালা পর্যন্ত ঝুলিয়ে দিচ্ছে দপ্তরগুলিতে। গত কয়েকদিন ধরে এই দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে দপ্তর গুলিতে। সোমবার ওবিসি কল্যাণ দপ্তরের দ্বারস্থ হয় ওবিসি অংশের ছাত্র ছাত্রীরা। তারা জানায় ২০২৪-২৫ সালের স্কলারশিপের জন্য দপ্তরে ঘুরছে। বহুবার দপ্তরের আধিকারিকদের কাছে আসার পর তাদের বলে দেওয়া হচ্ছে ফান্ডে টাকা নেই। ফলে কলেজ থেকে প্রতিদিন তাদের চাপ দিচ্ছে। পরবর্তী সেমিস্টারে ভর্তি পর্যন্ত হতে পারছে না তারা। এই স্কলারশিপের উপর ভিত্তি করে তারা কলেজে ভর্তি হয়েছে। তারা জানায় এভাবে যদি প্রতিদিন দপ্তরে এসে তাদের ঘুরে যেতে হয় তাহলে আগামী দিন তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। নাহলে তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। প্রতিবছর এ ধরনের জ্বালা যন্ত্রণা তাদের সহ্য করে পড়াশোনা করা অসম্ভব হয়ে পড়ছে।

