স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১৭ জানুয়ারি: হরিশনগর চা বাগানে বে-আইনী লক আউট প্রত্যাহারের দাবিতে শনিবার সি.আই.টি.ইউ অনুমোদিত ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে। পাশাপাশি এইদিন শ্রম দপ্তরে ডেপুটেশান প্রদান করা হয়। এইদিনের বিক্ষোভ মিছিলটি সি.আই.টি.ইউ সদর দপ্তরের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শ্রম ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল শ্রম দপ্তরে গিয়ে ডেপুটেশন প্রদান করে। নেতৃত্বে ছিলেন সিআইটিইউ নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্ত।
তিনি জানান হরিষ নগর চা বাগান ৫ জানুয়ারি থেকে বন্ধ হয়ে রয়েছে। তারপর থেকে চা শ্রমিকরা মজুরি পাচ্ছে না। তার উপর ১৮ ডিসেম্বর থেকে এক মাস ধরে কোন মজুরি পাচ্ছে না। মালিক পক্ষ তাদের সকল অফিস বন্ধ করে চলে গেছে। অথচ সরকার নিরব ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত শ্রমিকদের পাশে দাঁড়ানোর প্রয়োজনটুকু মনে করছে না। বিগত দিনে পূর্বতন সরকার এই ধরনের সমস্যা হলে শ্রমিকদের খাবার এবং কাজের ব্যবস্থা করে দিত বিভিন্ন ব্লক এবং পঞ্চায়েত থেকে। বর্তমান সরকারের এমন কোন কার্যকলাপ লক্ষ্য করা যাচ্ছে না। একটা শ্রমিক বিরোধী সরকার চলছে রাজ্যে। তারা মুখে শ্রমিকদের জন্য বিভিন্ন উদ্যোগের কথা বলল কাজের ক্ষেত্রে কিছুই করছে না। ২০১৮ সালে যেসব প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিল সেগুলোই পর্যন্ত পালন করেনি। তাই এইদিন শ্রম দপ্তরে ডেপুটেশন প্রদান করা হল।

