স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ নভেম্বর : জনজাতি কল্যাণ মন্ত্রকের মন্ত্রী জুয়েল ওরামের নেতৃত্বে বুধবার উনকোটি জেলার সার্কিট হাউজে অনুষ্ঠিত হয় এক বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী টিংকু রায়, বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে আলোচনা হয় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প উনকোটি জেলায় কতটা সফলভাবে বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি কোন কাজের গতি বাড়ানো প্রয়োজন রয়েছে কিনা। এই গুরুত্বপূর্ণ বৈঠকে অঞ্চলভিত্তিক জনজাতি উন্নয়ন প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য, পানীয়জল, সড়ক সংযোগ, আবাসন, রোজগার—প্রতিটি ক্ষেত্রেই বাস্তব পরিস্থিতির খতিয়ান তুলে ধরেন দপ্তরের আধিকারিকরা।
মন্ত্রী জুয়েল ওরাম জানান, ত্রিপুরার জনজাতি অধ্যুষিত অঞ্চলের উন্নয়নই অগ্রাধিকার। কেন্দ্রের প্রকল্পগুলি মানুষের জীবনে কতটা প্রভাব ফেলছে, তা নজরদারি করতেই এই ধরণের অঞ্চলভিত্তিক পর্যালোচনা অত্যন্ত জরুরি। তিনি আরো জানান, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উদ্যোগ মানুষের কাছে পৌঁছে দিতে সরকার নিরন্তর কাজ করে চলেছে। আলোচনার শেষে সিদ্ধান্ত হয়—আগামী দিনে প্রকল্পের বাস্তবায়ন আরও দ্রুততর করতে এলাকাভিত্তিক বিশেষ মনিটরিং সেল কাজ করবে। একইসঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে নতুন কিছু প্রকল্প প্রস্তাব আনার বিষয়েও প্রাথমিক আলোচনা হয়।

