স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ নভেম্বর : আমাদের একটাই ধর্ম আমরা ভারতীয়। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর অভয়নগর এলাকায় পুথিবা দেবতা বাড়ির নতুন পাকা ভবনের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ফিতা কেটে নয়া পাকা ভবনের উদ্বোধন করেন তিনি। তারপর অনুষ্ঠানে বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী বলেন, জনগণ যাতে খুশি থাকে তার জন্য যা করার সরকার তা করবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রশাসনিক ক্ষেত্র সহ অন্যান্য ক্ষেত্রে মনিপুরী অংশের মানুষে অনেক অবদান রয়েছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, মনিপুরীদের ঐতিহ্য ও সংস্কৃতি যাতে আরো বেশি শক্তিশালী করা যায় তার জন্য সরকার চেষ্টা করবে। পাশাপাশি তাদের আত্মনির্ভর করার চেষ্টা করছে। সাবকা সাথ, সবকা বিকাশের নীতি নিয়ে কাজ করছে সরকার। এতে নিন্দুকেরা সমালোচনা করছে। কিন্তু ভালো কাজ করতে গেলে নিন্দার মুখোমুখি হতে হয় বলে মনে করে সরকার। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের ইচ্ছা সব ধর্মের প্রতি যাতে সঠিক সম্মান দেওয়া যায়। কোন ধর্মের বিরুদ্ধে নয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আস্তিকের পরিবেশ আবার তৈরি হয়েছে। যেকোনো মন্দিরই আধ্যাত্মিক বিশ্বাস।
তার মধ্য দিয়ে ঐতিহ্যের প্রতিচ্ছবি ফুটে উঠে। একই সাথে অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরা রাজ্য মিশ্র বসতিপূর্ণ। সরকার চাইছে সব অংশের মানুষ যাতে একসাথে শান্তিতে বসবাস করতে পারে, কোনভাবেই যাতে অশান্তির পরিবেশ সৃষ্টি না হয়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

