Tuesday, November 24, 2026
বাড়ি রাজ্য পুর নিগম ও নগর সংস্থা নির্বাচনে বিজেপির ২১ দফা সংকল্পপত্র প্রকাশ

পুর নিগম ও নগর সংস্থা নির্বাচনে বিজেপির ২১ দফা সংকল্পপত্র প্রকাশ

পুর নিগম ও নগর সংস্থা নির্বাচনে বিজেপির ২১ দফা সংকল্পপত্র প্রকাশ

 

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ নভেম্বর : ত্রিপুরার শহরাঞ্চলের সামগ্রিক চেহারা বদলে আধুনিক, যানজটমুক্ত, স্মার্ট ও পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে আসন্ন পুর ও নগর সংস্থা নির্বাচনের জন্য মঙ্গলবার ২১ দফা সংকল্পপত্র প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আধুনিক নাগরিক পরিকাঠামো গড়ে তোলা, উন্নত জনপরিষেবা নিশ্চিত করা এবং পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই সংকল্পপত্রে।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় বলেন, এই সংকল্পপত্র দলের উন্নয়নমূলক কর্মসূচির রূপরেখা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে দলের প্রতিশ্রুতি ও অঙ্গীকার তুলে ধরা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, মিডিয়া ইনচার্জ সুনীত সরকার এবং মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।

শহরাঞ্চলকে যানজটমুক্ত করার বিষয়টিকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে অভিষেক দেবরায় জানান, প্রতিটি পুর ও নগর সংস্থার অধীন এলাকায় নির্দিষ্ট পার্কিং জোন গড়ে তোলা হবে। প্রয়োজন অনুযায়ী বাইপাস রাস্তা নির্মাণ এবং যানজট নিরসনে আগরতলায় আরও একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

নিকাশি ব্যবস্থা ও জল ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, আগরতলায় জল জমার সমস্যা সমাধানে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী দিনেও শহরের নিকাশি পরিকাঠামো আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আগরতলার হাওড়া নদী এবং গোমতী জেলার গোমতী নদী সংস্কার, খনন ও সৌন্দর্যায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে দ্রুত রাস্তা নির্মাণ ও সংস্কার, প্রতিটি পরিবারের জন্য দীর্ঘমেয়াদি পানীয় জলের ব্যবস্থা এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ সম্প্রসারণের কথা বলা হয়েছে। বিদ্যুৎ পরিষেবার মান উন্নত করতে ভূগর্ভস্থ বিদ্যুৎ কেবল ব্যবস্থা চালু করা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ বণ্টন ব্যবস্থার আধুনিকীকরণের প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি।

সংকল্পপত্রে রাজ্যের শহরাঞ্চলকে আরও নিরাপদ ও স্মার্ট করে তুলতে ব্যাপকভাবে সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বস্তি এলাকার উন্নয়ন এবং আরও বেশি যোগ্য পরিবারকে সরকারি আবাসন প্রকল্পের আওতায় নিয়ে আসার আশ্বাস দেওয়া হয়েছে।

কর্মসংস্থান সৃষ্টি ও জীবিকার মানোন্নয়নকেও বিশেষ গুরুত্ব দিয়েছে বিজেপি। অভিষেক দেবরায় জানান, শহরাঞ্চলে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি, হকার ও পথবিক্রেতাদের সহায়তা বৃদ্ধি এবং যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আগরতলায় একটি আইটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও বিদ্যমান টাস্ক ফোর্সকে আধুনিকীকরণ ও আরও শক্তিশালী করা, জলাশয়গুলির যথাযথ ব্যবহার ও সংরক্ষণ, বাজারগুলিকে আরও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করে গড়ে তোলা এবং পরিবেশবান্ধব নগর উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গৃহহীন ও অসহায় মানুষের কল্যাণ এবং পুনর্বাসনের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ, পথকুকুরের সমস্যা সমাধান এবং শহরাঞ্চলকে শিশুশ্রমমুক্ত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে সংকল্পপত্রে।

সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে অভিষেক দেবরায় বলেন, এই ২১ দফা সংকল্পপত্রের মাধ্যমে ত্রিপুরার শহরাঞ্চলকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ, সবুজ ও উন্নত করে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha