স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ নভেম্বর :পাগলা কুকুরের ভয়াবহ তাণ্ডব খোয়াই জুড়ে।এখন পর্যন্ত একটি পাগলা কুকুরের কামড়ে মারাত্মক ভাবে আহত সাতজন পথচারী। রক্তাক্ত সাতজনকেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।সারা জেলা শহর জুড়ে আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে খুদে স্কুল পড়ুয়া সহ পথচলতি সাধারণ মানুষজনকে।
বুধবার বেলা এগারোটা থেকে আচমকাই আধঘণ্টার জন্য খোয়াই জেলা শহরের মূল প্রাণকেন্দ্র সুভাষপার্ক এলাকা জুড়ে মারাত্মক তাণ্ডব শুরু করে দেয় এক পাগলা কুকুর। কোহিনুর শপিং কমপ্লেক্সের নেতাজী মূর্তির সামনে থেকে উত্তরে এন সি অ্যাভেনিও আর দক্ষিণে বিবেকানন্দ সরণী পর্যন্ত এলাকায় মোট সাতজন পথচারীকে কামড় দেয় পাগলা কুকুরটি। সারা শহর জুড়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। মহকুমা প্রশাসন ও পুর পরিষদের নজরে ঘটনাটি জানানো হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে।

