স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ নভেম্বর : ১৫ নভেম্বর ছোটনাগপুরে ব্রিটিশ বিরোধী আদিবাসী কৃষক বিদ্রোহ ‘উলগুলান’ এর অবিসংবাদী নেতা ও জল-জঙ্গল-জমির অধিকার রক্ষার আন্দোলনের পথিকৃৎ শহীদ বিরসা মুন্ডার ১৫১-তম জন্মদিন। ‘অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি’ বিভিন্ন রাজ্যে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করার উদ্যোগ গ্রহণ করে।
কমিটির ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে শনিবার সকালে কর্ণেল চৌমূহনীতে এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে শহীদ বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির, ত্রিপুরা রাজ্য শাখার আহ্বায়ক মলিন দেববর্মা। তিনি বক্তব্য রেখে বলেন যে ভারতবর্ষের স্বাধীনতার ৭৮ বৎসর পরেও অরণ্যে বসবাসকারী আদিবাসীদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে না।
তাদের স্বার্থরক্ষার যতটুকু অধিকার সংবিধানে ছিল তাও আজ কেড়ে নেওয়া হচ্ছে। রাজ্যে রাজ্যে বংশানুক্রমে অরণ্যের অধিবাসীদের উচ্ছেদ করে লক্ষ লক্ষ একর বনভূমি কর্পোরেট মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাই সারা দেশে জল, জমি ও জঙ্গলের অধিকার রক্ষার আন্দোলনকে শক্তিশালী করতে গড়ে উঠেছে ‘অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি’। শহীদ বিরসা মুন্ডার ১৫১-তম জন্ম দিবসে ত্রিপুরা রাজ্যেও অরণ্যবাসীদের জমি রক্ষার আন্দোলনে সকল অরণ্যবাসীরা এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।

