স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ নভেম্বর :সোমবার ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের প্রদেশ কমিটির পক্ষে এক প্রতিনিধি দল খোয়াই জেলা শিক্ষা আধিকারিক স্বপন সরকারের কাছে ডেপুটেশন প্রদান করেন। সমগ্র শিক্ষা প্রকল্পভুক্ত শিক্ষক শিক্ষিকারা এখনো অক্টোবর মাসের বেতন পাননি। অবিলম্বে বেতন প্রদান সহ প্রতি মাসের এক তারিখ বেতন প্রদান করা সহ তিন দফা দাবীতে ছিল এদিনের ডেপুটেশন কর্মসূচি।
কিন্তু প্রতিনিধিদলের সদস্যরা ডেপুটেশন দেওয়ার জন্য খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের অফিস কক্ষে প্রবেশ করা মাত্রই তেলে বেগুনে ক্ষেপে উঠেন জেলা শিক্ষা আধিকারিক স্বপন সরকার।কেন সাংবাদিকদের ডেকে আনা হলো তার জন্য কৈফিয়ত চান তিনি ডেপুটেশন প্রদানকারী শিক্ষক সংগঠনের নেতৃত্বের কাছে। এমনকি সংশ্লিষ্ট শিক্ষকদের সাতদিনের মধ্যে বদলি করে দেওয়ারও হুমকি দেন তিনি। যদিও শিক্ষক নেতারা বলেন যে, সাংবাদিকদের তারা ডেকে আনেন নি। তারা নিজেরাই খবর সংগ্রহ করার জন্য এসেছেন। কিন্তু কোন কিছুই মানতে নারাজ জেলা শিক্ষা আধিকারিক। যদিও পরবর্তী সময়ে নিজের ভুল বুঝতে পেরে নাকি শিক্ষক সংগঠনের নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন জেলা শিক্ষা আধিকারিক।

