স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ অক্টোবর: ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত বই উৎসব অনুষ্ঠিত হবে। আগরতলা ১ নভেম্বর ছাত্র যুব ভবনে সকাল এগারোটায় অধ্যাপিকা আলপনা সেনগুপ্তের হাত ধরে বই উৎসবের উদ্বোধন হবে। এদিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। দ্বিতীয় দিন ২ নভেম্বর আন্তর্জাতিক সংহতি ঃ চাই স্বাধীন প্যালেস্টাইন -এর উপর এক কর্মশালা অনুষ্ঠিত হবে।
এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া। ৩ নভেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বৃহস্পতিবার ছাত্র যুব ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব। সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক নবারুন দেব বলেন দুর্গাপূজার সময় বামপন্থী ছাত্রের যুব সংগঠনের পক্ষ থেকে যে স্টল রাস্তার পাশে দেওয়া হয়েছিল সেটা ভেঙে দিয়েছে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। এর তীব্র নিন্দা জানায় ডিওয়াইএফআই। কারণ সেই স্টলের মাধ্যমে নেশার বিরুদ্ধে সচেতনতা জাগ্রত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু লক্ষ্য করা গেছে, বইয়ের পক্ষে নয়, নেশার পক্ষে মদত দিচ্ছে বলে আগরতলা পুর নিগম এবং বর্তমান সরকার। এমনটাই দাবি করে তীব্র সমালোচনা করেন তিনি।

