স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ অক্টোবর :গত ২৪ শে অক্টোবর কালী মূর্তি বিসর্জনকে কেন্দ্র করে বিলোনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাবের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ এবং ক্লাব সদস্যদের মধ্যে সংঘর্ষে নিগৃহীত হন বিলোনিয়া থানার ওসি শিবুরঞ্জন দে। এই ঘটনাকে কেন্দ্র করে ওরিয়েন্টাল ক্লাবের সভাপতি, সম্পাদক সহ সাত জনকে একাধিক ধারায় গ্রেপ্তার করে পুলিশ ২৫ অক্টোবর বিলোনিয়া আদালতে সোপর্দ করে।
যদিও ওই দিনই অন্তর্বর্তী জামিনে মুক্তি পায় সকলে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার ওরিয়েন্টাল ক্লাবের পক্ষ থেকে এই অনভিপ্রেত ঘটনার জন্য এবং ক্লাব সদস্যদের মারধর করা সহ শিল্পীদের বিশেষ করে মহিলা শিল্পীর গায়ে হাত দেওয়া হয়েছে ও সাউন্ড সিস্টেম নষ্ট করার অভিযোগ এনে ওসির যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দে -এর বিরুদ্ধে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের নিকট লিখিতভাবে মামলা করা হয়। এই মামলার প্রতিলিপি দক্ষিণ জেলার পুলিশ সুপার ও পুলিশের মহা নির্দেশক সহ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার কাছে পাঠানো হয়।
ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য কোন ধরনের সতর্কতা ছাড়া ওসি শিবু রঞ্জন দে ক্লাবের শান্তিপূর্ণ কর্মসূচি মধ্যে হামলা চালিয়ে এলাকার শান্তি বিঘ্নিত করেছে। এছাড়াও ক্লাব কর্তৃপক্ষ হাজার হাজার এলাকাবাসী এবং বিলোনিয়ার বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করেছে তাতে বিঘ্ন ঘটিয়েছে। তাই ক্লাব কর্তৃপক্ষ এই ঘটনার নিন্দা জানিয়ে ওসি শিবুরঞ্জন দের যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়ে মামলা দায়ের করে। এখন দেখার বিষয় মহকুমা পুলিশ আধিকারিক সহ দক্ষিণ জেলা পুলিশ কি ভূমিকা গ্রহণ করে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান