Sunday, November 1, 2026
বাড়ি রাজ্য রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশের রোড মার্চ, কমলপুরে রক্তাক্তের ঘটনায় ২৪ ঘন্টায় গ্রেফতার শূন্য

রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশের রোড মার্চ, কমলপুরে রক্তাক্তের ঘটনায় ২৪ ঘন্টায় গ্রেফতার শূন্য

রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশের রোড মার্চ, কমলপুরে রক্তাক্তের ঘটনায় ২৪ ঘন্টায় গ্রেফতার শূন্য

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ নভেম্বর : ২৪ ঘন্টা অতিক্রান্ত! কমলপুরে মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার সময় সিপিআইএম প্রার্থী সহ পাঁচজন আক্রান্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার হলো না কোনো দুর্বৃত্ত। পুলিশের লোক দেখানো রোডমার্চ করে চলছে কমলপুরে। রবিবার পুলিশ, টি এস আর ও সিআরপিএফ বাহিনীদের নিয়ে কমলপুর নগর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রোড মার্চ করে। রোড মার্চে উপস্থিত ছিলেন ধলাই জেলার পুলিশ সুপার ঋষিকেশ দেশাই, ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বনিক, কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক সৌরভ সেন সহ আরক্ষা কর্মীরা। নগর পঞ্চায়েত নির্বাচনে কমলপুর নগর পঞ্চায়েতে পুলিশের রোড মার্চ বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শহরের সংশ্লিষ্ট মহল।

রোডমার্চ সমাপ্ত হওয়ায় পর ধলাই জেলার পুলিশ সুপার ঋষিকেশ দেশাই রোডমার্চ নিয়ে বলেন, আসন্ন নগর পঞ্চায়েতের নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে হয় এবং সব রাজনৈতিক দল গুলির যাতে নির্বাচনে লড়াই করতে পারে এর উদ্দেশ্য নিয়ে এই রোডমার্চ। অন্যদিকে রবিবার তেলিয়ামুড়া থানা পুলিশের উদ্যোগে তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকায় এক বিশাল রোডমার্চ অনুষ্ঠিত হয়। রীতিমতো শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে রাজপথে টহল দেয় বিশাল পুলিশবাহিনী। এই রোডমার্চে নেতৃত্ব দেন খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ আধিকারিক জাস্টিন জোসেফ, তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে এবং ইন্সপেক্টর জুগল ত্রিপুরা। তাঁদের সঙ্গে ছিলেন বিশাল সংখ্যক পুলিশকর্মী, টিএসআর জওয়ান এবং আধা সামরিক বাহিনীর সদস্যরা। অপরদিকে খোয়াই পুর নিগম নির্বাচন ঘোষণার পর শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর হয়ে উঠেছে খোয়াই জেলা পুলিশ। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ নিশ্চিত করতে খোয়াই শহরের বিভিন্ন এলাকায় পুলিশি টহলদারির ব্যবস্থা করা হয়। এদিন খোয়াই অফিসটিলা থেকে শুরু করে খোয়াই পুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিক্রমা করে পুলিশ। নির্বাচনের আবহে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর রেখেই জেলা পুলিশের এই উদ্যোগ বলে জানা গেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha