স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ অক্টোবর : রাজ্যে রেল দিয়ে নেশা সামগ্রী প্রচারের ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত চাইলো কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। নেশার কারণে এইডসের আক্রান্তের সংখ্যা রাজ্যে বেড়ে চলেছে। জাতীয় পরিসংখ্যান থেকে ত্রিপুরা রাজ্যের আক্রান্তের পরিসংখ্যান অনেক বেশি। অথচ তারপরও নেশা পাচার রাজ্যে বন্ধ নেই।
গত ১৬ এবং ১৯ অক্টোবর রেলের ওয়াগন ভর্তি হয়ে রাজ্যে নেশা সামগ্রী আসছে। আর রাজ্য সরকার রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশের চাপড়াচ্ছে। ত্রিপুরা পুলিশ তদন্তে নেমে ট্রান্সপোর্টের মালিক দুজনের বাড়িতে তল্লাশি চালাতে ৮ থেকে ১০ দিন অতিক্রান্ত করেছে। তাই পুলিশের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে কংগ্রেস। তাই পুলিশ প্রশাসন এবং সরকারের ভূমিকা নিয়ে তীব্র প্রতিবাদ জানান কংগ্রেস। সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের উদ্দেশ্যে তিনি বলেন, যারা প্রকৃত দোষী তাদের রেহাই দিতে কোন ভাবে যাতে আড়াল না করা হয়। দেশের এবং রাজ্যের নিরাপত্তার স্বার্থে বিশেষভাবে গুরুত্ব দিয়ে নেশা পাচারের ঘটনা উচ্চ পর্যায়ে তদন্ত করা প্রয়োজন। নাহলে কংগ্রেস আন্দোলনে নামবে বলে জানান তিনি।

