স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ অক্টোবর : চাহিদা মত দুর্গাপূজার চাঁদা মিটিয়ে না দেওয়ায় এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ শ্লীলতাহানি, দুই নাবালিকাকে মারধোর এবং ধর্ষণের হুমকি দেওয়ার। অথচ ঘটনার পর তিন অক্টোবর থানায় মামলা হলেও পুলিশ বুথ সভাপতির কাঠ পুতুল হয়ে গেছে। প্রতিবাদে পূর্ব আগরতলা মহিলা থানায় ডেপুটেশন দিল প্রদেশ মহিলা কংগ্রেস।
অভিযোগ, দুর্গা পূজার প্রাক মুহূর্তে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিবেকানন্দ আবাসনের দুর্গাপূজা উপলক্ষে আবাসনের এক রিক্সা চালকের নিকট মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। কিন্তু হত দরিদ্র রিক্সা চালকের স্ত্রী ৬০০ টাকা চাঁদা দিতে না পেরে ২৫০ টাকা চাঁদা দেন। তার জন্য ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ১ নং বুথের বিজেপি-র বুথ সভাপতি শিবু সাহা তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ঐ রিক্সা চালকের ঘরে প্রবেশ করে মারধর করে রিক্সা চালককে। পাশাপাশি শ্লীলতাহানি করা হয় রিক্সা চালকের ১২ বছরের এবং ১৫ বছরের দুই মেয়েকে।
পাশাপাশি তাদের মারধর করে ধর্ষণের হুমকি দেয়। একই সঙ্গে রিকশা চালকের স্ত্রীকে প্রাননাশের হুমকি দেয় অভিযুক্ত বিজেপি নেতা শিবু দাস। ঘটনার পর গত তিন অক্টোবর পূর্ব আগরতলা মহিলা থানায় মামলাও দায়ের করা হয়। কিন্তু অজ্ঞাত কারনে পুলিশ অভিযুক্ত বিজেপি নেতার হাতের কাঠ পুতুল হয়ে গেছে। অভিযুক্ত শিবু দাস উন্মুক্তে ঘোরাফেরা করছে। প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। দুই নাবালিকা মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পরিবার। তাই রবিবার প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল পূর্ব আগরতলা মহিলা থানায় গিয়ে ডেপুটেশন প্রদান করেন। জানতে চাওয়া হয় নির্যাতিতার পক্ষ থেকে যে অভিযোগ জানানো হয়েছে তা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। কিন্তু পুলিশের কাছ থেকে কোন রকম সহযোগিতা পাচ্ছেনা বলে জানিয়েছেন অসহায় মহিলা। প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রবাদী দলের নেতৃত্ব এবং মন্ত্রী, বিধায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করে তারা মাতৃশক্তির উন্নয়ন চায়, সেই দলের নেতার এমন কুকর্ম ছিঃ ছিঃ রব সাধারণ মানুষের মধ্যে। পাশাপাশি সুশাসন জামানার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্নবোধক চিহ্ন তৈরি হচ্ছে।

