স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ অক্টোবর :বিভিন্ন রাষ্ট্রবাদী নেতার বিরুদ্ধে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে মুখ খুলতে শুরু করেছে সাধারণ মানুষ। নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছেন তারা। কিন্তু এই রাষ্ট্রবাদী নেতাদের অনুগামীরা থানায় মামলা দায়ের করে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ তুলছে। এবার পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করেন ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের কর্মকর্তারা।
তাদের বক্তব্য, নীলকান্ত চন্দ্র ওরফে ঝিনুক নামে এক ব্যক্তি সম্প্রতি ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের উত্তর পূর্বাঞ্চলের প্রভারী অসীম দত্তের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মিথ্যা, অপপ্রচার করছে। এই ব্যক্তির জন্য অসীম দত্তের ব্যক্তিগত ও সামাজিক সম্মান গুরুতরভানে ক্ষুণ্ণ হয়েছে এবং সংগঠনের ভাবমূর্তিও কলঙ্কিত হয়েছে। এছাড়া এই কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সংগঠনের সদস্যদের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তাই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তারা।

