স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ সেপ্টেম্বর :একই রাতে তেলিয়ামুড়া থানার অন্তর্গত দুইটি বিদ্যালয়ে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবং মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক বিক্রম দেবনাথ সংবাদ মাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে চতুর্থ শ্রেণীর এক কর্মী প্রতিদিনের মতো বিদ্যালয় খুলতে এলে প্রথমেই চুরির ঘটনার বিষয়টি নজরে আসে।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক এবং বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যদের। যদিও এখনো পর্যন্ত সঠিকভাবে কী কী সামগ্রী চুরি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রাথমিক তদন্তে স্পষ্ট—এটি পরিকল্পিতভাবেই সংঘটিত চুরি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, চোরেরা সাধারণ সামগ্রী ফেলে রেখে বিদ্যালয়ের কম্পিউটারের হার্ডডিস্ক এবং ইন্টারনেট পরিষেবার সঙ্গে যুক্ত যন্ত্রাংশগুলো সরিয়ে নিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ ধরনের প্রযুক্তি-সংশ্লিষ্ট যন্ত্রাংশ চুরি হওয়ায় শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

